ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে ছিয়াকুল (৩৯) নামে এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সুনীল চৌহান জানান, তারা রোকেয়া হলে মালি হিসেবে চাকরি করেন। সকালে হলের গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন তারা। ছিয়াকুল একটি টেবিলের উপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে একটি গাছ থেকে কাঁঠাল পাড়ার সময়, সেই কাঁঠালটি অন্য একটি গাছের কাঁঠালের উপর পড়ে। আর তখন অন্য গাছের ওই কাঁঠালটি ঠিক ছিয়ামুলের মাথায় পড়ে।
ছিয়ামুল কাঁঠালের আকস্মিক ভারে পাকা ফ্লোরের উপর উপুর হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বজনরা জানান, তার বাড়ি নড়াইলের নড়াগাতী থানা এলাকায়। বর্তমানে থাকতেন ঢাবির শহিদুল্লাহ হলে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে গিয়েছেন।


