কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা ও তানজীন ওহাব বৃষ্টির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
তানজীন ওহাব বৃষ্টির পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। তারা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকানো জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ পরিবারের সদস্যদের সঠিক অবস্থান জানা যায়নি। শেখ পরশ ও তার স্ত্রী বর্তমানে কোথায় অবস্থান করছেন, সেটিও নিশ্চিত নয়।
এদিকে, অস্ট্রেলিয়াপ্রবাসী এক সাংবাদিকের সঙ্গে প্রায় তিন মাস আগে শেখ পরশের একটি অডিও কথোপকথন ইউটিউবে পাওয়া যায়।
অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগের কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করা হয়। বর্তমানে সেই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এর মধ্যেই যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিলেন আদালত।


