কাতালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ চসিক মেয়রের

কাতালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ চসিক মেয়রের
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান চট্রগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্রগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় সরকারি জায়গা দখল করে গাছপালাসহ টিনের ঘেরা দিয়ে অবৈধভাবে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। একই সঙ্গে সেখানে রাজধানীর রমনা পার্কের আদলে একটি শিশু পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছেন মেয়র।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মেয়র দেখতে পান, ইবনে সিনা হাসপাতালের সামনে অর্ধশতাধিক গাছঘেরা জায়গা টিন দিয়ে ঘিরে একটি চক্র স্থায়ী স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আরসিসি পিলার ঢালাইসহ ভবনের কাঠামো নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মেয়র উপস্থিত হয়ে নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন এবং সংশ্লিষ্টদের দ্রুত উচ্ছেদের নির্দেশ দেওয়ার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

পরিদর্শনকালে মেয়র ঘোষণা দেন, দখলমুক্ত করা জায়গায় শিশুদের জন্য একটি আধুনিক পার্ক নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘এখানে কোনো বাণিজ্যিক ভবন হবে না, বরং রমনা পার্কের আদলে একটি সবুজ ও নান্দনিক শিশু পার্ক গড়ে তোলা হবে, যেখানে বিনোদনের ব্যবস্থা ও ফটো জোন থাকবে।’

চসিক সূত্র জানিয়েছে, একটি চক্র দীর্ঘদিন ধরে জায়গাটি দখলে রেখে গাছপালাসহ ঘিরে রাখে এবং সেখানে মার্কেট নির্মাণের পরিকল্পনা নেয়। গাছ কাটার বিষয়টি আড়াল করতে চারপাশে টিনের ঘেরা দিয়ে আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছিল। ভবনের কাঠামো নির্মাণ শেষে গাছগুলো কেটে ফেলার পরিকল্পনা ছিল তাদের।

এর আগে, একই দিনে মেয়র নগরের মোহরা ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের সমন্বয়ে ছয়টি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad