সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের দুর্ঘটনাপ্রবণ সড়ক-মহাসড়কের কাছাকাছি স্থানগুলোতে কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। টিমে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় থানা পুলিশের সদস্যদের রাখার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার সড়ক দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
এ ছাড়াও রিটে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বাম পাঁজরের পাঁচটি হাড়ে চিড় ধরার ঘটনায় ইফাদ মোটরস লিমিটেডের মালিকানাধীন দ্বিতল সেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। রিটে অনুমোদনহীন দ্বিতল পরিবহনটির চলাচলের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান, বাংলাদেশ স্লিপার এসি বাস ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারিকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে সারাদেশের সড়ক-মহাসড়কগুলোতে বাণিজ্যিকভাবে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনগুলোকে স্পিড লিমিটের বাইরে অনিয়ন্ত্রীত চলাচল বন্ধে নির্দেশনা দেওয়া, প্রতিটি পরিবহনে দৃশ্যমান স্থানে বাসের ফিটনেস, রেজিস্ট্রেশন, ট্যাক্স সংক্রান্ত কিউআর কোড স্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।
জানা গেছে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইফাদ মোটরসের মালিকানাধীন সেন্টমার্টিন পরিবহন রাত ২টা ৫ মিনিটের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়া বাজার থানাধীন এলাকায় ১৮০ ডিগ্রি ঘুরে পার্শ্ববর্তী জমিতে আছড়ে পড়ে। ওই দুর্ঘটনার পর পরিবহনের চালক-হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ও আশেপাশের মানুষ দুর্ঘটনার শিকার বাসের যাত্রীদের বের করে আনে।
ওই দুর্ঘটনায় রিটকারী আইনজীবীর বাম পাশের পাঁজরের পাঁচটি হাড়ে চিড় ধরে এবং মানসিক ও শারীরিক নানান জটিলতা দেখা দেয়। ফলে চিকিৎসকের পরামর্শে তাকে দীর্ঘদিন ধরে ঘরে থেকে পূর্ণ বিশ্রাম নিতে হয়। এতে করে রিটকারী আর্থিক ক্ষতিরও সম্মুখীন হন।
তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের কাছে নোটিশ পাঠানো হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে ক্ষতিপূরণের পাশাপাশি জনস্বার্থে উপরোক্ত নির্দেশনা চাওয়া হয়েছে।


