ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ৩ ঘণ্টার মধ্যেই ভাঙচুর

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ৩ ঘণ্টার মধ্যেই ভাঙচুর
মাগুরা সদরের ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি ভোটকেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের তিন ঘণ্টার মধ্যেই তা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় মাগুরা সদরের ছোট ফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এটি মাগুরা পৌরসভার ১ নম্বর বিদ্যালয় ভোটকেন্দ্র।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন।

জানা গেছে, বুধবার বিকাল ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় ভোটকেন্দ্রের প্রবেশপথ ও খেলার মাঠের দৃশ্যধারণের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল দুবৃত্ত এসব ক্যামেরা ভাঙচুর করে।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভেঙে ফেলেন। তবে পর্যাপ্ত আলোর অভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার ১০ থেকে ১৫ মিনিট পর কয়েকজন যুবককে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধভাবেই এ ঘটনা ঘটানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু স্থাপনের রাতেই ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের নৈশপ্রহরী আফজাল হোসেন বলেন, রাতে খাবার শেষে বিদ্যালয়ে ফিরে এসে কয়েকজন যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। সকালে উঠে ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান তিনি।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad