খাগড়াছড়ির গুইমারা এলাকার এক নারীকে চাকরি দেওয়ার প্রলোভনে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার খাগড়াছড়ির একটি হাসপাতালে ওই নারীর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ জুন গুইমারা উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে ওই নারীকে (৩০) চট্টগ্রামে নেওয়া হয়। ওই রাতে একটি বাসায় চারজন তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
ভুক্তভোগীর ছোট ভাই জানান, অভিযুক্ত ব্যক্তি তাদের পাশের এলাকার বাসিন্দা। তিনি চাকরি দেওয়ার নাম করে তার বোনকে চট্টগ্রামে নিয়ে যান। সেখানে চাকরি না দিয়ে একটি বাসায় নিয়ে কয়েকজনে ধর্ষণ করে। এই ঘটনায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, ধর্ষণের অভিযোগে গুইমারার কুকিছড়া এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা করার পর আইনি ব্যবস্থা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে।


