চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে নাচোল উপজেলার আজিপুর থেকে ধানসুরা সড়কের বনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুটঙ্গি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭) এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ (১৭)। সম্পর্কে তারা দুজন শালা-দুলাভাই।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভোর আনুমানিক ৬টার দিকে সোহাগ তার বোন জামাই রবিউলকে নিয়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওয়ানা হন। পথে বনিপুর এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজনের মত্যু হয়। পরে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
রবিউলের পরিবার জানিয়েছে, রবিউল নওগাঁর দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে কর্মরত ছিল। ছুটিতে তিনি শ্বশুরবাড়ি এসেছিলেন। রোববার ভোরে রবিউল কর্মস্থলে যাচ্ছিলেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকামল চন্দ্র দেবনাথ জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


