খাগড়াছড়ির গুইমারা উপজেলায় রাস্তা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার ৩ নম্বর সিন্দুকছড়ি ইউনিয়নের ১ নম্বর মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মুড়াপাড়ায় নতুন রাস্তা নির্মাণকাজ চলাকালে ইউপিডিএফ দলের নিশান মারমার নেতৃত্বে তিনজন অস্ত্রধারী ব্যক্তি ১৫ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন।
মুড়াপাড়ায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্পে প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই বরাদ্দ থেকে চাঁদার টাকা পরিশোধ না করায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন ও বেলাল হোসেনসহ মোট ১৬ জন। আহত সবাই মাটিরাঙ্গা পৌরসভা এলাকার বাসিন্দা।
খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়াদ্দী বলেন, ‘বিষয়টি জেনেছি। সেনাবাহিনী শ্রমিকদের উদ্ধার করে নিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


