চাঁদা আদায়কে কেন্দ্র করে বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে সরাসরি বাস চলাচল। বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়।
এতে করে ভোগান্তিতে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা। তবে বিকল্প উপায়ে জেলার শেষ সীমানা রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বালিয়াঘাটা এলাকা থেকে ঢাকাগামী বাস চলাচল অব্যাহত রয়েছে।
চাঁদা নিয়ে বিরোধে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ করার পর সন্ধ্যা থেকে সব ধরনের পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে পরিবহন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দুই পক্ষই বাস থেকে চাঁদা আদায় করছে, যা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চরমে পৌঁছেছে।
ট্রাক শ্রমিক ইউনিয়ন বলছে, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের কোন অধিকার কারও নেই। অন্যদিকে মোটর শ্রমিক ইউনিয়নের দাবি, তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা নিচ্ছে, বরং অন্য পক্ষই অবৈধভাবে বাস থেকে চাঁদা আদায় করছে।


