আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্য নিয়ে ‘নতুন বাংলাদেশের’ ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইশতেহার তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অভিজ্ঞতার ভিত্তিতে।
রোববার বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসমাবেশ থেকে এই ইশতেহার ঘোষণা করা হবে। এনসিপি জানিয়েছে, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা জুলাই অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক ধাপ শুরু করতে চায়।
শনিবার দলটির ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এনসিপি নেতারা বলেন, জনগণের প্রত্যাশা, অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে ইশতেহারে। এর লক্ষ্য একটি নতুন, দায়িত্বশীল ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র কাঠামো গড়া।
দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণা দিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম। কিন্তু এখনো নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেই লক্ষ্যে আমাদের লড়াই চলবে।’
এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই পদযাত্রার সময় দেশের ৬৪ জেলার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধান বিষয়ে তাদের চাওয়া শুনেছি। সেসবই ইশতেহারে প্রতিফলিত হয়েছে।’
ভিডিও বার্তার শেষাংশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই কোনো সমাপ্তি নয়, এটি ছিল শুরু। বাংলাদেশের স্বপ্নযাত্রায় জনগণই আমাদের ভরসা। ‘‘নতুন বাংলাদেশের’’ ইশতেহারে নাগরিক মর্যাদা, বৈষম্যহীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার রূপরেখা থাকবে।’
তিনি সবাইকে ৩ আগস্ট আবার শহীদ মিনারে একত্র হওয়ার আহ্বান জানান।
এর আগে, গত বছর একই দিনে এবং একই স্থানে ‘‘এক দফা’’ ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। এবার তিনি এনসিপির পক্ষে ‘‘নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি’’ ঘোষণা করবেন বলে জানানো হয়েছে। এ উপলক্ষে সব জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের যথাযথ সমন্বয়ের মাধ্যমে সমাবেশে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।


