চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার সকালে নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
সাজাপ্রাপ্তরা হলেন মধ্য চারভাঙা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন সরকারের ছেলে আশরাফুল আলম সরকার (৩৮), মাঝের চর সাহেবগঞ্জ বাজারের দাদান মিয়া মোল্লার ছেলে কুদ্দুস আলী (৩২) ও আলী হোসেনের ছেলে আক্কাস ফকির (৪৫)। এদের মধ্যে আশরাফুলকে তিন মাস ও বাকি দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, সকালে অভিযানে নদী থেকে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজারসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও অমিত রায় বলেন, ‘ আসামি তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।’


