চাঁদপুর সদরে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজের সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। রোববার রাতে বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের সাদেক খান বাড়িতে এই ঘটনা ঘটে।
সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে (১১) আটক করে।
জান্নাতের স্বামী আব্বাস খান। তিনি আরেকটি বিয়ে ঢাকায় থাকেন। গত দেড় বছর তার যোগাযোগ নেই বলে জানিয়েছেন স্বজনরা।
বাড়ির লোকজন জানিয়েছে, মাদকাসক্ত রাকিব মাদক কেনার জন্য প্রায় সময় মাকে অত্যাচার করে আসছিল। ঘটনার দিন রাতে মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন তিনি। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার মা জান্নাতকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে ফেলে রেখে চলে যায়। অসুস্থ মা সেখানে পড়ে থাকেন। পরের দিন সকালে এসে নাটক সাজিয়ে তার মায়ের অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলে ডাক-চিৎকার করতে থাকেন।
এক পর্যায়ে বাড়ির লোকজন জান্নাত বেগমের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবহিত করেন।
চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত রাকিব ও তার ছোট ভাই রিফাতকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি ব্যবস্থা নিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’


