কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া এলাকায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছে। গুরুতর আহত হয়েছে একজন।
নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা রিসান (১৯) ও তার বন্ধু মো. আরাফাত (২১)। গুরুতর আহত মো. সানি (১৮) একই ইউনিয়নের দরগা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি নাছির উদ্দিন জানান, দুপুরে তিন বন্ধু মোটরসাইকেলে দরগা এলাকা থেকে বাংলাবাজার স্টেশন যাচ্ছিলেন। পথে খরুলিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত সানির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


