চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।
স্বজনরা জানান, বাড়ির প্রায় ৫০০ গজ উত্তরে তাদের নতুন ভিটাবাড়িতে সেচের জন্য সেলো মেশিনে পানি তোলার প্রস্তুতি চলছিল। এ জন্য রাস্তার পাশে স্থাপিত বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করেন এনামুল হক রাসেল।
এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যেই দু’জনের শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
মো. হাফিজুর রহমান মানিক জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


