মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামস্থ বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে চলছে পরিচালনা পর্ষদের নির্বাচন। রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তিন ক্যাটাগরিতে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন ২৩ পরিচালক, বাকি দুইজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে।
তবে নির্বাচনী আমেজ সেভাবে নেই বিসিবিতে। কারণ বেশিরভাগ পরিচালকই নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এদিকে দিনের প্রথম ভোটটিও পড়েছে ভোট গ্রহণ শুরুর ৪৫ মিনিট পর। যদিও নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে সকাল থেকেই। যান চলাচলও সীমিত করে দেয়া হয়েছে স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।
বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টায় ঘোষিত হবে ফলাফল। যদিও ক্যাটাগরি-১ অর্থাৎ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাত জন। ঢাকা বিভাগ থেকে কোনো প্রতিন্দ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত হচ্ছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ভোটের আনুষ্ঠানিকতা বাকি আছে কেবল দুটি বিভাগে, খুলনা ও বরিশাল। চট্টগ্রাম বিভাগ থেকেও নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন চৌধুরী ও মিনহাজুল আবেদীন নান্নু। ভোটের লড়াই হবে খুলনা বিভাগে দুটি পরিচালক পদের জন্য, লড়বেন তিন জন। খুলনা বিভাগ থেকে নির্বাচিত হবেন এক পরিচালক, প্রতিদ্বন্দ্বী দুই জন।
ক্যাটাগরি-২, অর্থাৎ ঢাকা মেট্রোপলিসের ক্লাব কোটা থেকে ১২টি পরিচালকের পদে নির্বাচনে লড়বেন ১৬ জন ক্লাব প্রতিনিধি। এই ক্যাটাগরিতে স্বচ্ছ নির্বাচনের ইংগিত মিললেও লড়ার মতো হেভিওয়েট প্রার্থীও নেই। বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালসহ ৭ জন লড়ছেন ক্যাটাগরি-২তে। যাদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সরকারী দলের সাথে সম্পর্কিত।
ক্লাব কোটা থেকে আবাহনী ও মোহামেডানের কাউন্সিলর ফাহিম সিনহা ও মাসুদুজ্জামানের পরিচালক হওয়া প্রায় নিশ্চিত। ওল্ড ডিওএইচএস থেকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু, এছাড়া সাবেক পরিচালক শানিয়ান তানিম ও সাঈম ইব্রাহীম আহমেদের জয়ও কেবল সময়ের অপেক্ষা। বাকি দুই পরিচালক পদের জন্য আমজাদ হোসেন, সাকিফ আহমেদ সালাম ও ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের মধ্যে হতে পারে ভোটের লড়াই।
আর ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন জমা দেয়ার পর প্রার্থীতা চূড়ান্ত হবার পরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এই ক্যাটাগরিতে তিনি ছাড়া আর কেউই মনোনয়ন জমা দেননি। সব মিলিয়ে এবার ই-ভোটের জন্য আবেদন পড়েছে ৩৯টি। মূলত যারা নির্বাচনী কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন না, তাদের জন্যই এই ই-ব্যালটের আয়োজন।
গেল ৭ এপ্রিল, সর্বশেষ বিসিবি নির্বাচনে কারচুপি, অনিয়ম ও অস্বচ্ছতার প্রমাণ পেয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় এনএসসি। এরপর তামিমকে প্রধান করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে দেয় সংস্থাটি। সেই ধারাবাহিকতায় তামিমদের প্রধান কাজ ছিল যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া। সেই পথে হাঁটলেও প্রার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, নিরুত্তাপ নির্বাচন প্রশ্নের মুখে তুলে দিচ্ছে অ্যাড হক কমিটিকে।
ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক, ক্যাটাগরি-২ থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ থেকে একজন। যদিও শেষ ক্যাটাগরিতে বাকি দুইজন আসবেন এনএসসি মনোনীত হয়ে।


