চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র জোট ও দর্শন বিভাগের শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় প্রশাসনকে প্রতীকী ‘লালকার্ড দেখানো হয়।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ভবনের সামনে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। বারবার স্থানীয়দের হামলার শিকার হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি।
ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী বলেন, ‘যারা নিরাপত্তা দিতে ব্যর্থ, যারা নারী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করে, এমন প্রশাসন আমরা চাই না। প্রশাসন এখনো নিয়োগ বোর্ড চালাচ্ছে, তাই পদত্যাগ জরুরি।’
হামলাকারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করে দর্শন বিভাগের শিক্ষার্থী হাসিব বলেন, ‘যারা দোষী তাদের শাস্তি না হলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে।’
তিনদিন ধরে সাত দফা দাবিতে কর্মসূচি চলছে বলে জানান গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক ধ্রুব বড়ুয়া। তিনি আরও জানান, রোববার গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, যেখানে সই করেছেন এক হাজারেরও বেশি শিক্ষার্থী। এছাড়া স্মারকলিপিও দিয়েছেন শিক্ষার্থীরা।
‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রক্টরিয়াল বডি পদত্যাগ না করলে আমরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেবো’, হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে, শনিবার প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করে দেয়ালে ‘নিয়োগ বাণিজ্যের জমিদার ভবন’ লিখে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


