চট্টগ্রামে শিশু হত্যায় বাবা-দাদি গ্রেপ্তার

চট্টগ্রামে শিশু হত্যায় বাবা-দাদি গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে দুই বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে বৌ বাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শিশুটির বাবা মো. সজীব (২২) ও দাদি নূর নাহার বেগম (৪০)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান টাইমস অব বাংলাদেশকে জানান, গত ৭ এপ্রিল রাত ৮টার দিকে দক্ষিণ বাকলিয়ার বৌ বাজার এলাকায় নিজ বাসায় শিশুটির মা শারমিন আক্তার কর্মস্থল থেকে ফিরে স্বামী, শাশুড়ি ও শ্বশুরের সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মো. সজীব তাকে মারধর শুরু করেন।

এ সময় দুই বছরের শিশু আশরাফ বিন সামির মায়ের কাছে গেলে সজীব তাকে ছিনিয়ে নিয়ে আঘাত করেন এবং দেয়ালে ছুড়ে মারেন বলে অভিযোগ রয়েছে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে খিঁচুনিতে আক্রান্ত হয়। সন্তানকে হাসপাতালে নেওয়ার কথা বললে শারমিন আক্তারকে আরও মারধর করা হয়, এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

পুলিশ জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে শিশুটির মৃত্যুকে অসুস্থতাজনিত বলে প্রচার করে গভীর রাতে দাফন সম্পন্ন করা হয়। পরদিন জ্ঞান ফেরার পর শারমিন আক্তার স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, অভিযুক্ত সজীব ও নূর নাহার বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad