চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপি নেতা এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ বুধবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলীর খোন্দকার পাড়া এলাকায় গণসংযোগে গেলে গুলিবিদ্ধ হন। এ সময় নির্বাচনী কর্মসূচিতে অংশ নেওয়া সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) গুলিতে নিহত হন।
পুলিশ জানিয়েছে, নিহত সরোয়ার একজন ‘চিহ্নিত সন্ত্রাসী’। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও হত্যা মামলাসহ প্রায় ১৫টি মামলা রয়েছে।
নিজের উদ্বেগের কথা জানিয়ে টাইমস অব বাংলাদেশকে মির্জা ফখরুল বলেন, ‘এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
স্থানীয় বিএনপি নেতাদের মতে, দলীয় মনোনয়ন পাওয়ার ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। সে সময় দুর্বৃত্তরা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এরশাদ উল্লাহর সমর্থকরা জানান, গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালিয়ে পালিয়ে যান। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন গুলির ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এরশাদ উল্লাহ বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।


