চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহজাহান এবং তার ছেলে আরিফ। তাদের বাড়ি পাইন্দং এলাকায়।
স্থানীয়রা জনান, সোমবার সকাল সাড়ে ৯টার পর মোটরসাইকেলে করে শাহজাহান ও আরিফ পাইন্দং ইউনিয়নের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়কে বিক্ষোভ করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ‘দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’


