চট্টগ্রামের ফটিকছড়িতে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মতবিনিময় সভার ঘটনায় পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর সভার আয়োজক ও অংশগ্রহণকারীদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার দুইজন হলেন ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. জামান বাবু (২৩) ও একই ওয়ার্ডের ভাঙা দীঘিরপাড় এলাকার সাইফুল ইসলাম সজিব (২৫)।
শুক্রবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে এ সভা অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ছাত্রলীগের ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওই সভায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, স্থানীয় কয়েকজন নেতা সভায় বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে টাঙানো ব্যানারে লেখা ছিল- ‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’। সভাস্থলে সারিবদ্ধভাবে বসে থাকা বিপুলসংখ্যক নেতাকর্মীকেও ছবিতে দেখা যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যার পর ওই এলাকায় হঠাৎ অনেক মোটরসাইকেল ও মানুষের সমাগম দেখা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সভার ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হলেও তার আগেই অংশগ্রহণকারীরা সরে যান। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর আমরা অভিযান চালাই। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্তে কাজ চলছে।’
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। সভা আয়োজনের পেছনে কারা ছিলেন এবং কারা এতে অংশ নিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।


