চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুন বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম মো. টিপু (১৮)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গ্রামের মো. শাহজাহানের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই তরুণ কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় টিপুকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করেছে।


