চট্টগ্রামে ইয়ুথ পলিসি সংলাপে অংশ নিয়েছেন তারেক রহমান। সংলাপে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে উদ্যোক্তারা যেন সহজে ঋণ পান সেই ব্যবস্থা করা হবে।
রোববার সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান’ শিরোনামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ পলিসি সংলাপে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সংলাপে তিনি শিক্ষা,কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করেন। তিনি তরুণদের পরামর্শ শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা প্রশ্ন করেন, ঋণ পেতে তরুণ উদ্যোক্তারা নানা সমস্যায় পড়েন। তরুণ উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণের জন্য আপনাদের প্ল্যান কি? এর জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশে ব্যাংক লোনের ক্ষেত্রে অনেক জটিলতা আছে, এটা সত্য। আমরা এটাকে সহজ করতে চাই। আইনের পরিবর্তন করে ছোট ছোট উদ্যোক্তাদের কীভাবে ঋণ দেওয়া যায়, সেই পরিকল্পনা আমাদের আছে। সেই সঙ্গে যারা পড়ালেখার জন্য বাইরে যান, তাদেরও ঋণ দেওয়ার পরিকল্পনা আমাদের আছে।’
চাঁদাবাজির মত সমস্যা সমাধানে প্রশাসন ও বিএনপি নেতা-কর্মীদের সহযোগিতা নেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দলীয় প্রশাসনিক সিদ্ধান্তে এবং নেতা-কর্মী ও দেশবাসীর সহায়তায় এই সমস্যা নির্মূল হবে। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে চাদাবাঁজিসহ অন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফসান জলাবদ্ধতা ও পরিবেশ রক্ষায় বিএনপির কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না জানতে চান। এর জবাবে তারেক রহমান বলেন, ‘সব বড় বড় শহরে জলাবদ্ধতা রয়েছে। জলাবদ্ধতা কাটাতে আমাদের খাল খনন করতে হবে। আমরা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। এ ছাড়া বায়ু দুষণ কমাতে আমরা গাছ লাগানোর পরিকল্পনা করেছি। পাঁচ বছরে আমরা পাঁচ কোটি গাছ লাগানো হবে। আমরা দেশের অনেক জায়গায় ফরেস্ট তৈরি করব।’
সকাল ১০টায় শুরু হওয়া সংলাপ প্রায় একঘণ্টা ধরে চলে। এরপর তারেক রহমান চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশ নেন। সেখানে ভোর থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের সমাবেশ শেষে তারেক রহমান বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোনাগাজী, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত মাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন।


