সাত ঘণ্টার ব্যবধানে দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্যসহ তিনজন, মুন্সিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে একজন এবং কুমিল্লায় বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেন্ট মার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিলে তিনজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নৌবাহিনীর সদস্য নাফিজ আহমেদ অয়ন (২৫)। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ছুটি শেষে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জে ঘন কুয়াশার কবলে পড়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে এক ব্যক্তির মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহতদের ঢাকায় স্থানান্তর করা হয়। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা: কুমিল্লার ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তুরনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস ইউটার্নে এসে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে বিপরীত লেনে পড়ে যায়। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং আহতদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


