মুন্সীগঞ্জে ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুর্ঘটনার কবলে পড়েছিল অন্তত ১০টি যানবাহন। যার মধ্যে দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী বাস–ট্রাকসহ সাতটি বাহন। এতে আহত হয়েছেন চালকসহ অন্তত ৩৪ জন।
ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে রাত দুইটার দিকে শ্রীনগরের ছনবাড়ী ব্রিজে ওঠার সময় দক্ষিণাঞ্চলগামী যাত্রী বোঝাই গোল্ডেন লাইন পরিবহনের পেছনে সাদ আবদুল্লাহ পরিবহন ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসটি তার সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়।
ঠিক সেসময় পেছন থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসও ধাক্কা দিলে একেই সঙ্গে চারটি গাড়ির চালকসহ ১৭ যাত্রী আহত হন।
যার মধ্যে একটি বাসের ড্রাইভার দুমড়েমুচড়ে যাওয়া সামনের অংশে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান চালায়। শুরুতে তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরে আটকে পড়া বাসের ড্রাইভারকে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের সামনের অংশ কেটে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া রাত ১টার দিকে একেই স্থানে একটি চলন্ত ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে বাসটির সামনের অংশ ভেঙে ট্রাাকের পেছনের অংশে ঢুকে যায়। এসময় আহত হয় পাঁচজন।
এই দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের মূল লেইনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিকল্প রাস্তা হিসেবে ছনবাড়ী ব্রিজের ওপর দিয়ে গাড়ি না তুলে নিচ দিয়ে যানবাহন চালানো হলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের বেজগাঁও বাসস্ট্যান্ডে মাওয়াগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসে পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে একটি বাসের সামনের অংশ চুরমার হয়ে অন্তত ১২ জন আহত হয়।
এছাড়া ভোর সাড়ে ৪টার দিকে লৌহজংয়ের উত্তর মেদেনী মন্ডল মিনার মসজিদের পাশে আকিজ কোম্পানির মালামাল নিয়ে কেরানীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ড্রাইভার গাড়ির ভিতর আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, তীব্র ঘন কুয়াশার কারণে রাতভর সড়কে বেশকিছু দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


