গাড়িচালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বেসরকারি টেলিভিশন দেশ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রাইভেট কারের চালক বাবুল।
ঢাকার বিমানবন্দর থানায় করা হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো হয়।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. আবু সাঈদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মো. আরিফ হাসান এর আগে একাধিক মামলায় গ্রেপ্তার আছেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আদালতে গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আরিফ হাসানের আইনজীবী তাহমিনা সুলতানা আদালতে গ্রেপ্তারের আবেদন নামঞ্জুরের শুনানি করেন।
তিনি আদালতে বলেন, ‘আরিফ হাসান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার নামে নয়টি মামলা আছে। তার হার্টে রিং পড়ানো। একই দিনে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কিভাবে হামলা করেন।’
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই বছরের ১৮ জুলাই উত্তরা এলাকায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হন প্রাইভেটকার চালক বাবুল। পরে চিকিৎসাধীন অবস্থায় উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এই ঘটনায় গত বছরের ২২ জুলাই বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন নিহত বাবুলের স্ত্রী।
এদিকে গ্রেপ্তারের আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ‘আসামি আরিফ হাসান এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনাটি সংঘটিত করার জন্য “মূল অর্থ জোগানদাতা” হিসেবে কাজ করেছেন এবং তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংসতায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন।’


