মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়িচাপায় আহত অবস্থায় একটি মহাবিপন্ন চিতা বিড়াল (লেপার্ড ক্যাট) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সংলগ্ন এলাকা থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন নামের দুই ব্যক্তি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি বন্যপ্রাণীকে গুরুতর আহত ও প্রায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
ধারণা করা হচ্ছে, কোনো দ্রুতগতির গাড়ির আঘাতে প্রাণীটি আহত হয়েছে।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করেন। পরে সেটি একটি মহাবিপন্ন চিতা বিড়াল (Leopard Cat) বলে শনাক্ত করা হয়।
উদ্ধারের পর প্রাণীটিকে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে চিতা বিড়ালটি কিছুটা সুস্থ থাকলেও তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। তবে, আজ শুক্রবার হওয়ায় তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যায়নি।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য প্রাণীটিকে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, চিতা বিড়াল বাংলাদেশের মহাবিপন্ন বন্যপ্রাণীগুলোর মধ্যে অন্যতম। বনাঞ্চল সংলগ্ন সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ধরনের ঘটনা রোধে বনাঞ্চল এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির দাবি জানান তারা।


