রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৩২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে এবং জুমার নামাজের পর ধানমন্ডি-৩২ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, ভোরে আগারগাঁও এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। এদের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি শ্যামল চন্দ্র রয়েছেন।
অন্যদিকে, জুমার নামাজের পর গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ ধানমন্ডি-৩২ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদসহ আরও ২৬ জনকে আটক করা হয়।
ডিএমপি জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


