পার্বত্য জেলা খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে নিউটন চাকমা (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, নিহত নিউটন চাকমা রাঙামাটি জেলার মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় বসবাস করতেন এবং আকবাড়ি এলাকার দায়িত্বে ছিলেন।
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সকালে সংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় অবস্থানের সময় নিউটন চাকমাসহ আরও একজনকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় ৮ জনের একটি সশস্ত্র দল। এতে ঘটনাস্থলেই নিহত হন নিউটন চাকমা। তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে প্রাণে রক্ষা পান।
ইউপিডিএফ (প্রসীত) কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, প্রতিপক্ষ সশস্ত্র গ্রুপের সদস্যরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। দলটির কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা বলেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই; এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের হতে পারে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
স্থানীয়দের ধারণা, পার্বত্য অঞ্চলে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও প্রভাব নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


