গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন লেগে অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। বুধবার রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রবিউল ইসলাম, জাকির হোসেন ও ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হন। রবিউল ইসলাম নামে এক ব্যক্তির মাথায় আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ সময় আশপাশের মার্কেটের শত শত মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে রাস্তায় নেমে আসেন। ছোটাছুটির সময় পড়ে গিয়ে আরও কয়েকজন আহত হন বলে স্থানীয়রা জানান।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুনের ফুলকি ছিটকে কয়েকজন আহত হন।
তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগুন পাশের একটি তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।


