গাজীপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড তিন গ্রাম

গাজীপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড তিন গ্রাম
ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে তিনটি গ্রামের জনজীবন। উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে বসতবাড়ি, গাছপালা এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ছাড়া ইউনিয়নের আরও কয়েকটি গ্রামে কমবেশি ক্ষতির খবর পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, ঝড়ের প্রচণ্ডতায় গ্রামগুলোর প্রায় প্রতিটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপড়ে পড়া গাছপালার ভারে ভেঙে পড়েছে অনেক ঘরবাড়ি। বিভিন্ন স্থানে গবাদিপশুর ওপর গাছ ভেঙে পড়ে বেশ কিছু পশু আহত হওয়ার খবরও পাওয়া গেছে। মৌসুমী ফলের মধ্যে কাঁঠাল বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে অসংখ্য ফলবতী গাছ। এ ছাড়া মাঠের পাকা ধান ও শাকসবজির খেত মাটির সঙ্গে মিশে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ওপর ঝড়ের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। শতাধিক পয়েন্টে মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে থাকায় পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন

কাওরাইদ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. আনিছুর রহমান জানান, মেইন লাইনের ওপর অসংখ্য গাছ পড়ে থাকায় সেগুলো অপসারণ করে সংযোগ সচল করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। ফলে ওই তিন গ্রামে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, ঝড়ে বোরো ধান ও সবজি খেতের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা তৈরির জন্য মাঠকর্মীদের দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গতদের সহায়তার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad