কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে আগুন লেগে প্রাণ হারানো ১০ জনের মধ্যে আটজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর পরিবারের সদস্য বলে জানা গেছে। ওই শিক্ষার্থীর নাম আবদুল আহাদ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র।
শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে।
এ পর্যন্ত মৃত ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ, নাফিজ ও নাবিলা। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তাদের মধ্যে নাফিজ তেহামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত লায়লা জাহান নাবিলা, ইসরাত জাহান মালিহা, মিলিতা মেহেজাবিন আলভী, ফারিহা কবির ও শিশু ফাইজান আহাম্মেদ নাফিজের পরিবারের সদস্য।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জবি শিক্ষার্থী আহাদ বলেন, ‘পরিস্থিতি খুব একটা ভালো না। আমাদের পরিবারের ছয়জন এই ঘটনায় মারা গেছেন। তাদের মধ্যে আমার চারজন মেয়ে কাজিন, একজন ছেলে কাজিন এবং আমার এক মেয়ে কাজিনের ছোট সন্তান ফাইয়াজ রয়েছে। নাফিজ ও নাবিলাও আমাদের আত্মীয়। তারা আমার মায়ের ফুফাতো বোনের পরিবারের সদস্য।’
তিনি জানান, ওই পরিবারের আরও তিনজন আগুনে আহত হয়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোর্শেদ হোসেন জানান, শনিবার সকাল ৭টার দিকে উখিয়ার পাটুয়ারটেকে ইনানী বিচের মেরিন ড্রাইভের টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার সহায়তায় যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। টানা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
রেস্টুরেন্টের এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


