গাজার কেন্দ্রীয় অংশ দেইর আল-বালাহে চারটি বাণিজ্যিক ট্রাক উল্টে অন্তত ২০ জন নিহত এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ঘটনাটি রাত ১০টার কিছু পর ঘটে। তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলটি ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় এবং সড়কগুলো অতি খারাপ ও দুর্গম।’
স্থানীয় সাংবাদিকদের বরাতে বিবিসি জানায়, ট্রাকগুলো এলাকায় ঢোকার পর স্থানীয় মানুষজন সেগুলোর দিকে ছুটে যান এবং অনেকেই ট্রাকের ওপরে উঠে পড়েন। এরা সবাই ত্রাণপ্রত্যাশী এবং ক্ষুধার্ত ছিলেন। অতিরিক্ত চাপে চালকরা ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ট্রাকগুলো উল্টে যায়।
গাজার বেসরকারি পরিবহন সংস্থার মুখপাত্র জেহাদ ইসমাইল জানান, মঙ্গলবার মোট ২৬টি বাণিজ্যিক ট্রাক গাজায় প্রবেশ করে। এর মধ্যে ২০টি নিরাপদে পৌঁছালেও ৬টি ট্রাক লুটপাটের শিকার হয়। এর মধ্যে চারটি উল্টে যায় এবং ১০ জন চালক আহত হন।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
মঙ্গলবারই ইসরায়েল ঘোষণা দেয় , তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভরতা কমিয়ে গাজায় বেসরকারিভাবে খাদ্য প্রবেশের অনুমতি দেবে।
অন্যদিকে, গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১২৪ জন নতুন করে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


