গাইবান্ধার গোবিন্দগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এতে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন–মো. নুরুজ্জামান (৩৫), মো. মানিক মিয়া (২০), মো. সামিউল (২০), মো. হাবিবুর রহমান (৪০), মো. তাজুল ইসলাম (৩৫) এবং মো. সুজন মিয়া (৪০)।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তার করতে তার বাড়িতে দলের নেতাকর্মীদের হামলার শিকার হয় পুলিশ।
হামলার একপর্যায়ে পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে তারা। এ সময় উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা ও এসআই কায়েস আহত হন। পরে পুলিশ সুপার জসিম উদ্দীনের নির্দেশে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় এদিন রাতেই গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক আখরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। পরে রাতভর অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ছয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


