রাজধানীর বনানীতে সেতু ভবনের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিয়েছে ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার বিকালে ঘটা এ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভূঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাগর মিয়া (৩৫) ও মুসলিম উদ্দিন (৭৪)। দুজনই সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে দিনমজুরের কাজ করতেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মরেদহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, দুজনের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নাম ঠিকানা সনাক্ত করা গেছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।
নিহত সাগরের বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার মহিশবন্দী গ্রামে। বাবার নাম চান মিয়া। আর মুসলিম উদ্দিনের পরিচয় পত্রে তার ঠিকানা মিরপুর আহম্মদনগর ঈশাখা রোড উল্লেখ রয়েছে।


