বিএনপি গণমানুষের কল্যাণ এবং দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
সোমবার রাজধানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি মাঠে ঢাকা–১৭ আসনের প্রার্থী বিএনপির চেয়ারপারসন তারেক রহমান-এর পক্ষে আয়োজিত বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, দুর্যোগ বা যেকোনো সংকটে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে এবং দলের চেয়ারপারসন নিয়মিত নেতাকর্মীদের মানুষের দুঃসময়ে পাশে থাকার নির্দেশ দেন।
তিনি জানান, এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে, যেখানে বয়স্ক ও শিশুদের চিকিৎসাসেবা আন্তরিকভাবে প্রদান করা হয়। তিনি এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান, যাতে কড়াইল বস্তিবাসী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনায় স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। তিনি জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেল অনুসরণ করে স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান দুর্নীতি রোধে বিএনপি কাজ করবে। উপজেলা পর্যায়ে গর্ভকালীন মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পর্যাপ্ত অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে দলের টিম কাজ করছে, যাতে রোগীদের জেলা পর্যায়ে রেফার করতে না হয়।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, গণতান্ত্রিক ধারাকে রক্ষা করতে সবাইকে সতর্ক থাকতে হবে। গত ১৭ বছরের আন্দোলনে বহু নেতাকর্মীর আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, নির্বাচন অবশ্যই সঠিক ও গ্রহণযোগ্য পদ্ধতিতে হতে হবে।
তিনি অভিযোগ করেন, কিছু মহল বিএনপি ও দলের প্রার্থীদের বিরুদ্ধে কটূক্তি করছে এবং ব্যাকডোর রাজনীতির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এসব অপচেষ্টা রুখতে সাংবাদিকসহ দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শান্তিপূর্ণ ও সহনশীলভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হওয়াই বিএনপির প্রত্যাশা।
ছাত্রদলের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাব নেতা তৌহিদুল ইসলাম জন, মো. ইউনুস আলী, শরীফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সারজানা সুলতানা, সজীব, ইমরান, প্রিন্স, মুসা, সৈকত, তুষার, মাহমুদ ও নাফিসসহ দলের নেতাকর্মীরা।


