ঢাকার মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়েছে। আগামী ৬ এপ্রিল এই মামলার প্রতিবেদন জমার নতুন দিন ঠিক করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম প্রতিবেদন দাখিল করতে পারেননি।
এজন্য ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মা ও মেয়েকে হত্যার ঘটনায় নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তিনি উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক।
স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে প্রায় ১৩ বছর ধরে মোহাম্মদপুরের বাসায় বসবাস করছিলেন। তাদের গ্রামের বাড়ি নাটোরে।
মামলার বিবরণ অনুযায়ী, ৮ ডিসেম্বর সকাল ৭টার দিকে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন আজিজুল। স্কুলে পরীক্ষা চলায় দ্রুত বাসায় ফেরেন। বেলা ১১টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। চিৎকারে আশেপাশের বাসিন্দারা খবর পেয়ে পুলিশে জানান।
পুলিশের সিসিটিভি বিশ্লেষণে দেখা যায়, সকাল ৭ টা ৫১ মিনিটে বোরখা পরে ওই বাসায় ঢোকেন আনুমানিক ২০ বছর বয়সী আয়েশা। আর ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে নির্বিঘ্নে বাসা থেকে বের হয়ে যান তিনি।
ওই স্কুলড্রেসটি খুন হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার।
ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।


