১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে এবছর ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট হচ্ছে না।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খাইর টাইমস অব বাংলাদেশকে বলেন, ব্ল্যাক আউট স্থগিত করা হয়েছে।
যদিও এ কর্মসূচি স্থগিত করার কারণ জানা যায়নি।
এর আগে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বুধবার রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের প্রতীকী এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছিল।
১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করে। তারপরই যুদ্ধে ঝাপিয়ে পড়ে নিজেদের বিজয় ছিনিয়ে আনে বাঙালি।
পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের ভয়াল রাতটি বেশ কয়েক বছর ধরেই আলো নিভিয়ে স্মরণ করে আসছে বাংলাদেশ। এবার সেই কর্মসূচি স্থগিত করা হলো।


