দাদিকে একটু ভিন্নভাবে স্মরণ করলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি, তারেক রহমানের রহমানের মেয়ে জাইমা রহমান। প্রয়াত দাদির উদ্দেশ্যে লিখলেন কবি কাজী নজরুলের এক অমর কবিতা।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, সবখানেই খালেদা জিয়াকে নিয়ে চলছে স্মৃতিচারণ। সাধারণ মানুষ যেমন স্মৃতিচারণ করছেন, নেতাকর্মী কিংবা শিল্পী-সাহিত্যিকরাও লিখছেন শোকগাঁথা। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে, নেতা হিসেবে কেমন ছিলেন সেসব উঠে আসছে তাদের কথায়।
ঠিক এমন সময় তারেক রহমানের মেয়ে ও খালেদা জিয়ার বড় নাতনি জাইমা রহমান তার দাদির সঙ্গে তোলা পারিবারিক আবহের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘বিদায় বেলা’ কবিতাটি।
শোকের প্রকাশ সামাজিক মর্যাদা, দেশ-কাল-পরিবার-সংস্কৃতিভেদে সবসময়ই ভিন্ন হয়। ফলে সাধারণ মানুষ যেভাবে শোক প্রকাশ করতে পারেন, খালেদা জিয়ার পরিবারের মতো হাই-প্রোফাইল পরিবারের সদস্যরা সবসময় সেভাবে তা পারেন না।
তাই দাদির স্মরণে জাইমা যখন কবি কাজী নজরুলের কবিতা তুলে ধরেন:
‘তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।’
তখন বুঝে নিতে হয় তার হৃদয়ে রক্তক্ষরণের কথা। যে কবিতা লিখে তিনি বোঝাতে চান তার শোক, তার দুঃখের ব্যাপকতা। বোঝাতে চান, প্রিয় দাদির মৃত্যুতে কতটা ব্যথাতুর তিনি।


