তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েও সরকার গঠনের সমীকরণে জটিলতায় পড়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। এমন পরিস্থিতিতে দলটির ১০৭ জন বিধায়ক গণপদত্যাগের কথা ভাবছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টু ডে।
প্রতিবেদনে বলা হয়, এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে অথবা এদাপ্পাদি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন এআইএডিএমকে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে। এতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই বিজয়ের শিবিরে অস্বস্তি বাড়ছে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে গণপদত্যাগের হুঁশিয়ারি দেননি বিজয়, তবে দলীয় সূত্রের দাবি—ডিএমকে ও এআইএডিএমকে গোপনে সমঝোতায় গিয়ে টিভিকেকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করছে।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে দুই দল পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছে বলে অভিযোগ টিভিকের। আর সেই খবর সামনে আসার পরই গণপদত্যাগের আলোচনা নতুন মাত্রা পেয়েছে।
দলীয় এক সূত্রের ভাষ্য, ‘টিভিকের নেতারা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। তারা মনে করছেন, ডিএমকে এবং এআইএডিএমকে একজোট হয়ে বিজয়কে ক্ষমতায় আসা থেকে আটকানোর চেষ্টা করছে, যদিও টিভিকে বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।’
টিভিকের জ্যেষ্ঠ এক নেতাও বলেন, ‘জনগণের রায় বিভক্ত হতে পারে, কিন্তু সবচেয়ে বড় দলকে উপেক্ষা করা যায় না।’
নির্বাচনে টিভিকে মোট ১০৮টি আসনে জয় পায়। এর মধ্যে বিজয় নিজেই দুটি আসনে বিজয়ী হয়েছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছাড়তে হবে। ফলে দলের কার্যকর আসনসংখ্যা দাঁড়াবে ১০৭। এছাড়া কংগ্রেসের ৫ জন সদস্যের সমর্থন পেলে তাদের মোট সংখ্যা হবে ১১২।
তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে সংখ্যার অঙ্কেই আপাতত আটকে আছে বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ।


