বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’। শুরুতে এটি স্বতন্ত্র, স্বাধীন ছাত্রসংগঠন হিসেবে গড়ে উঠলেও এখন থেকে এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবু সাঈদ কনভেনশন হলে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সমন্বয় সভা’য় নতুন সংস্কারের ঘোষণা দেওয়া হয়। তবে কমিটি ঘোষণার কথা থাকলেও সেটি ঘোষিত হয়নি।
গত ২৬ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে বাগছাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করে।
তখন সংগঠনটি বলেছিল, ‘স্টুডেন্ট ফাস্ট, বাংলাদেশ ফাস্ট’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করবে।
দলীয় লেজুড়বৃত্তি না করা, অভ্যন্তরীণ গণতন্ত্রের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা এবং দলীয় নেতাদের চাঁদায় দল পরিচালনা করার কথা বলেছিল সংগঠনটি। তবে এর বছর না ঘুরতেই নাম পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক দল এনসিপির সহযোগী সংগঠন হিসেবে কাজ করার ঘোষণা দেওয়া হলো।
জাতীয় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসানসহ অন্যরা।
জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেওয়া হবে না জানিয়ে আখতার হোসেন বলেন, ‘যেকোনো মূল্যে সেটি বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা পেলে তবেই সই করবে এনসিপি। সই করার পর দুইটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ সই প্রত্যাহার করতে চায়। আরেক পক্ষ কালি দিয়ে গেড়ে দিতে চায় ‘
আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আর যেন কেউ গণরুম-গেস্টরুম বানাতে না পারে, সেজন্য ছাত্রসংসদকে সোচ্চার থাকতে হবে।’
হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষনাপত্র নিয়ে দেশের মানুষ সন্তুষ্ট হয়নি। একটি রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী সেটা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অপরদিকে, দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, অল্প সময়ের মধ্যেই সারা দেশের জেলা ও মহানগরে এনসিপির আহ্বায়ক কমিটি দেওয়া শুরু হবে। তিনি বলেন, ‘এনসিপি মাই ম্যানের পলিটিক্স করবে না। বিশ্বস্তদের নেতৃত্বেই এগিয়ে যাবে দল।’


