খুলনা মহানগরীতে খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ হারুনুর রাশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর খানজাহান আলী রোডের শান্তিধাম মোড় এলাকার আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত হারুনুর রাশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে। গুলিটি তার ডান পায়ে লেগেছে। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, সমিতির নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এদিন দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলির ঘটনা ঘটে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম টাইমসকে জানান, নিজেদের মধ্যে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় শেখ হারুনুর রাশিদ গুলিবিদ্ধ হন। তবে কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


