আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের ইসির বৈঠক রোববার

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের ইসির বৈঠক রোববার
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার এই বৈঠক হবে বলে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা আগামী রোববার  সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে এ সভায় অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

এর আগে গত ২০ অক্টোবর, ২৭ নভেম্বর ও সবশেষে ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে ইসি।

আরও পড়ুন

রোববারের সভায় অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশন থেকে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক, বর্ডার গার্ড, কোস্টগার্ড, আনসার-ভিডিপি-ডিজিএফআই-এনএসআই-এনটিএমসি-র‍্যাব মহাপরিচালক ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এবং কারা মহাপরিদর্শককে আমন্ত্রণ জানানো হয়েছে।

সভার আলোচ্য সূচিতে রাখা হয়েছে, নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা; অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রমরোধে যৌথ বাহিনীর কার্যক্রম; প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচনি পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা।

এ বিষয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, সভা শেষে তিন বাহিনী প্রধান, পুলিশ প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad