ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তার অবস্থা নিয়ে দেশবাসীকে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়া বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বা আমরা যদি বলি তিনি মেইনটেইন করতে পারছেন।’
তিনি বলেন, ‘তারেক রহমান সার্বক্ষণিক দেশি বিদেশী চিকিৎসকদের সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি দেশবাসীকে ধৈর্য্য ধরার অনুরোধ জানিয়েছেন।’
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জাহিদ হোসেন। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোগীর অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু করার সুযোগ এখন নেই।’
গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তিনি হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন। এ ছাড়া রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা। সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, বর্তমানে তার অবস্থা ‘খুব ক্রিটিকাল’।


