উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়া হবে।
কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালে তাকে লন্ডনে পাঠানো হবে।
বৃহস্পতিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতের পর বা কাল শুক্রবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে।’
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার জন্য ভালোবাসা দেখানোয় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান ডা. জাহিদ। সেইসঙ্গে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকেও।
খালেদা জিয়ার সঙ্গে যে ১৪ জন লন্ডন যাবেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, চিকিৎসক আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, ডা. মো. শাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মো. আল মামুন, দুজন এসএসএফ সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক, ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদারের নাম।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে আসছেন। তিনিই খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন।
এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা করছে। এই বোর্ডের অন্যতম সদস্য ডা. জুবাইদা রহমান। এছাড়া গত কয়েকদিনে বোর্ডে যোগ দিয়েছেন যুক্তরাজ্য এবং চীন থেকে আসা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।
এর আগে গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। এরপর তাকে নেওয়অ হয় ছেলে তারেক রহমানের বাসায়।
প্রায় চার মাস লন্ডনে থাকার পর গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। এরপর বেশ কয়েক দফায় তাকে চিকিৎসার জন্য বা পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।


