তাপ প্রবাহের প্রেক্ষাপটে দেশের নিম্ন আদালতে আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির আদেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত-ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট, ক্ষেত্র বিশেষে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি কিংবা সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরবেন। এক্ষেত্রে গাউন পরার আবশ্যকতা নেই।
আইনজীবীরা ক্ষেত্র বিশেষে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরবেন। এক্ষেত্রে কালো কোট ও গাউন পরার দরকার নেই। এ নির্দেশনা মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।


