বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া দিয়েছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রোববার রাত ৮টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই তোড়া দেন বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, ‘ভুটানের প্রধানমন্ত্রীর আমরা সাক্ষাৎ করতে এসেছিলাম। তিনি আমাদের কাছ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। ম্যাডামের আশু আরোগ্য কামনা করে একটি ফুলের তোড়া দিয়েছেন আমাদের কাছে।’
‘আমি এভার কেয়ার হাসপাতালে গিয়ে ভুটানের প্রধানমন্ত্রীর এই ফুলের তোড়া ম্যাডামের কাছে পৌঁছিয়ে দেব।’ বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপি মহাসচিব জানান, সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী।
শনিবার দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।


