ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিতে আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে প্রতিনিধিদলটি। তারা ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন মো. নুরুল আমীন, মো. কেরামত আলী ও এস এম খালিদুজ্জামান।
জামায়াত জানায়, ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যে প্রতিনিধিদলটি এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে।
সফরকালে প্রতিনিধিদলটি দেশটির শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।
গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ও সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


