জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সাবেক উপদেষ্টা খলিলুর রহমান বিএনপি সরকারে যোগ দিলে তার অন্তর্বর্তী সরকারে থাকাকালীন ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে।
তিনি বলেন, এটি প্রমাণ করবে যে খলিলুর রহমান আগে থেকেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন। মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সাম্প্রতিক নির্বাচনে পরিকল্পিত কারচুপি হয়েছে। তার দাবি, ফলাফলে কারচুপির মাধ্যমে তাদের দল থেকে অনেক আসন হারিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দল কৌশলে দুই তৃতীয়াংশ আসন নিয়ে নিয়েছে।
তিনি বলেন, ‘এই পুরো ঘটনা একটি ইঞ্জিনিয়ারিং। খলিলুর রহমানের মন্ত্রিসভায় যোগদানের মাধ্যমে আজ সেটি জাতির সামনে উন্মোচিত হচ্ছে,’
নাহিদ ইসলাম তীব্র সমালোচনা করেন সরকারি দল সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার সিদ্ধান্তের। তিনি বলেন, এটি গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং প্রতিশ্রুতি ভঙ্গের সমতুল্য।
তিনি বলেন, ‘সরকার গঠনের প্রথম দিনেই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করল তাদের কাছ থেকে দেশ ও জাতি কী আশা করবে সেটা সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে।’
এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন যে এটি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, বরং একটি আইনি ও সাংবিধানিক সংকটও তৈরি করেছে।
নাহিদ ইসলামের মতে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে গণভোট আদেশ হয়েছিল তাতে সুস্পষ্টভাবে লেখা ছিল যে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে রায় এলে একই অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।
‘গণভোটের বৈধতা সেই আদেশ থেকেই এসেছে। সবাই সেই আদেশ মেনেই নির্বাচন ও গণভোটে অংশ নিয়েছি। এখন তারা যে ব্যাখ্যা দিচ্ছে তা গ্রহণযোগ্য নয়,’ তিনি যোগ করেন।
নাহিদ ইসলাম আহ্বান জানান, সরকারি দল দ্রুত সংস্কার পরিষদে শপথ নিয়ে এই সংকটের নিরসন করুক এবং জনগণের কাছে করা সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করুক।


