ভারতে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আইসিসিও বাংলাদেশের বদলে ‘সি’ গ্রুপে জায়গা করে দিয়েছে স্কটল্যান্ডকে। বিশ্বকাপের এই সময়ে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে ও আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে এবার তিন দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার আনুষ্ঠানিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি আড়াই কোটি টাকা প্রাইজমানির ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টের তিন দলে ধুমকেতু একাদশের নেতৃত্বে লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দুরন্ত একাদশের দায়িত্বে থাকছেন আকবর আলী। যদিও এখনো ঘোষণা হয়নি পূর্ণাঙ্গ দল। জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ‘এ’ দল ও এইচপি থেকে ক্রিকেটারদেরও নেয়া হবে এই টুর্নামেন্টে।
একইসাথে কোচিং প্যানেলও ঘোষণা করেছে বিসিবি। লিটনের ধুমকেতুর হেড কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশে মিজানুর রহমান বাবুলের সহকারী হিসেবে কাজ করবেন তুষার ইমরান। আকবরের দুরন্ত একাদশে থাকছে হান্নান সরকার ও রাজিন সালেহ।
আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচ, পর্দা নামবে ৮ ফেব্রুয়ারি। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর সাথে প্রতি ম্যাচে ডেতে বিকাল ৪টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দর্শকদের জন্য থাকছে এই টুর্নামেন্ট গ্যালারিতে বসে দেখার সুযোগ। সর্বনিম্ন ১০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ২০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ১০০০ টাকা।


