কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আমির হামজার বিরুদ্ধে মামলা

কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য, আমির হামজার বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ওয়াজ মাহফিলে আপত্তিকর মন্তব্য করায় মাওলানা আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা করা হয়েছে।

আমির হামজা আসন্ন সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে সদর আমলী আদালতে মামলা করেন। আদালতের বিচারক সুমন কর্মকার আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল জানান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলার শুনানী শেষে বিচারক আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

আরও পড়ুন

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিএনপির জন সমর্থন বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থী আমির হামজা বিএনপির নেতা-নেত্রীদের সম্পর্কে বিভিন্ন সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন।

গত শুক্রবার একটি ইসলামী ওয়াজ মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধরণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমির হামজার আপত্তিকর বক্তব্য বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতে হাজির করে ন্যায় ও সুবিচার করার আবেদন করা হয়।

এদিকে কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা আদালত চত্বরে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল করে। মিছিলটি আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দ্রুত আমির হামজাকে গ্রেপ্তারের দাবি জানান জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর